অন্যান্য পুরস্কার

রবীন্দ্র পুরস্কার ২০১১

         বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী ২০১০ সালে প্রথম এ পুরস্কার প্রবর্তন করে। রবীন্দ্র সাহিত্যের চর্চা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব আহমদ রফিককে রবীন্দ্র পুরস্কার ২০১১ প্রদান করা হয়। রবীন্দ্র সংগীতের প্রচার ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী অজিত রায়কে রবীন্দ্র পুরস্কার ২০১১ প্রদান করা হয়। ৬ই মে ২০১১ তারিখে ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের পুরস্কার প্রদান করেন। পুরস্কারের মূল্যমান ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা। পুরস্কারের অর্থের সঙ্গে সনদ ও স্বর্ণপদক প্রদান করা হয়।

 

       সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১০

         বাংলা একাডেমী ১৯৯০ সালে সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার প্রবর্তনের পর থেকে এর কার্যক্রম পরিচালনা করে আসছে। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১০-এ ভূষিত হন বিশিষ্ট কবি মহাদেব সাহা। ১১ই জানুয়ারি ২০১১ তারিখে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত কবিকে পঁচিশ হাজার টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা প্রতীক প্রদান করা হয়।

 

       মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১০

         বাংলা একাডেমী ২০১০ সাল থেকে মযহারুল ইসলাম কবিতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতি বছর ১০ই সেপ্টেম্বর অধ্যাপক ড. মযহারুল ইসলামের জন্মদিনে পুরস্কারপ্রাপ্ত কবিকে এই পুরস্কার দেয়া হবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, লেখক, গবেষক ও কবি অধ্যাপক মযহারুল ইসলামের স্মৃতি রক্ষা এবং বাংলাদেশের মেধাবী, খ্যাতিমান এবং প্রতিভাবান কবিদের অবদানের স্বীকৃতি প্রদান করা এই পুরস্কারের লক্ষ্য। পুরস্কারের মূল্যমান ১,০০,০০০.০০ (একলক্ষ) টাকা। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১০ পেয়েছেন বিশিষ্ট প্রবীণ কবি আবুল হোসেন। ২১শে সেপ্টেম্বর ২০১০ মঙ্গলবার বিকেল ৪.০০টায় একাডেমীর সেমিনার কক্ষে পুরস্কৃত কবিকে পুরস্কারের অর্থ, সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

       মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার

         ২০১০ সালে সর্বাধিক সংখ্যক মানসম্মত বই প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠানকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। বাংলা একাডেমীর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি সেরা গ্রন্থ নির্বাচনের কাজ সম্পন্ন করেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো মাওলা ব্রাদার্স এবং প্রথমা। ১লা বৈশাখ ১৪১৮ নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমী আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।